দেশে শান্তি চাইলে সুন্নী জোটকে জয় করুন: গিয়াসউদ্দিন তাহেরী

image 321

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী জানিয়েছেন, বৃহত্তর সুন্নী জোট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি সব শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানান, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নী জোটের মার্কা মোমবাতিকে বিজয়ী করতে। কারণ, এটাই প্রমাণিত যে সুন্নীরা এ দেশে শান্তিপ্রিয়।

রোববার (২৩ নভেম্বর) চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সালানা জলসায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তাহেরী বলেন, “সুন্নী ধারার সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত কখনও কারও ওপর জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না এবং সর্বদা ধর্মীয় সম্প্রীতির প্রতি বিশ্বাসী। এবার ভোটে আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া চলবে না। দেশের সুন্নী মুসলমানরা যদি এক থাকে, আমরা আগামীতে সরকার গঠন করবো।”

মাহফিলে আরও বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী মাওলানা এএইচএম আহসান উল্লাহ। জেলা গাউছিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক আল্লামা আনম সাইফুল্লাহও বক্তব্য দেন।