কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার থেকে ভিক্ষুর মরদেহ উদ্ধার

image 205

কক্সবাজারের রামু উপজেলায় একটি বৌদ্ধ বিহার থেকে থুই নু মং মারমা ওরফে কিমাচারা ভিক্ষু (২২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, নিহত কিমাচারা ভিক্ষু রাঙ্গামাটির কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারে আবাসিক ভিক্ষু হিসেবে থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সকালে পূজার্থীরা প্রার্থনা করতে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে তাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ভিক্ষু কোমরবন্ধনী (কটিবন্ধনী) ব্যবহার করে সিলিংয়ে ঝুলছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।