ভারত পার্বত্য অঞ্চল দখলের ষড়যন্ত্র করছে : হান্নান মাসউদ

image 206

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, ভারত ষড়যন্ত্রের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, “একটি ভুয়া ধর্ষণ ঘটনার মাধ্যমে পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়।”

রবিবার (২৮ সেপ্টেম্বর) নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের সাইফুল মার্কেটে এনসিপি আয়োজিত ঐক্য ও সংহতির সমাবেশে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, “আমরা এক ইঞ্চি মাটিও ছাড়ব না। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবেলা করেছি, তেমনি ২০২৫ সালে ভারতকেও মোকাবেলা করবে এ দেশের মানুষ।”

তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার অভিযোগ এনে তিনি আরও বলেন, “তরুণরা যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন তাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। বাংলাদেশ যেই পথ দেখিয়েছে, সেই পথেই ইন্দোনেশিয়া ও নেপাল স্বাধীনতা পেয়েছে। সেখানে ৩৫ বছরের প্রধানমন্ত্রী হতে পারে, বাংলাদেশেও তা সম্ভব।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের সময় নানা অতিথি পাখি মায়াকান্না করবে। আমি আপনাদের সন্তান, তাই আলাদা করে ভোট চাইতে আসব না। যাকে বিপদে-আপদে পাশে পাবেন, তাকেই ভোট দেবেন।”

সমাবেশে হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।