ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

image 196

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।

ব্রিফিংয়ে দুজারিক বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় দেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। উত্তেজনা কমাতে ও সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন গুতেরেস।

এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। বিবৃতিতে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানানো হয়।

জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, দেশে শান্তি বজায় রাখা এবং দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি জানান, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণ-আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। মানবাধিকার কমিশনার বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করে এবং সবার মৌলিক অধিকার ক্ষুণ্ন করে।