
রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা যায়নি ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ৫০ ফুট নিচে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে তারা ৩৫ ফুট গভীর পর্যন্ত গর্ত তৈরি করে নিচে নামছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, ৩৫ ফুট পর্যন্ত নামার পরও শিশুটিকে না পাওয়া গেলে পরবর্তী বিকল্প পদক্ষেপ নেওয়া হবে। এর আগে বুধবার দুপুর ১টার দিকে কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে খেলতে গিয়ে নলকূপের খোলা মুখ দিয়ে নিচে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধারকারীরা কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করেন। পাশাপাশি, এস্কেভেটর মেশিন দিয়ে রাতভর মাটি খননের কাজও চলতে থাকে।