৬ মরদেহ পোড়ানো মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো

image 86

আশুলিয়ায় গণঅভ্যুত্থানের সময় ছয়জনের লাশ পোড়ানো এবং সাতজনকে হত্যা করার ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম ও গ্রেপ্তারকৃত সাবেক কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন।

রায়ে পাশাপাশি সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ভুক্তভোগীদের মধ্যে বণ্টন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় ঘোষণার সময় রাজসাক্ষী সাবেক এসআই শেখ আবজালুল হককে খালাস এবং পলাতক সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলানের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলায় মোট ১৬ জন আসামির মধ্যে আটজন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক এবং কনস্টেবল মুকুল।

রায় ঘোষণার প্রক্রিয়া বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৃতীয় রায়।