রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু

damak 694232093ae84

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতিতে চলা ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) জানা গেলেও যাত্রীর পরিচয় এখনও শনাক্ত হয়নি। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে তিনি মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। তখন তিনি দেখেন, উল্টো পথে একটি ট্রাক বেপরোয়া গতিতে চলছে। প্রায় ৩০ সেকেন্ডের মধ্যেই ট্রাকটি একটি ব্যাটারিচালিত রিকশার উপর উঠে যায়। দ্রুত দৌড়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করা হয় এবং চালককে আটক করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।