
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যের মাধ্যমে ভারত-পাকিস্তানের সংঘাত থামিয়েছেন তিনি। তার মতে, এ কারণে তার নোবেল পুরস্কার প্রাপ্য।
ট্রাম্প আরও বলেন, বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব রয়েছে তার। সেই সাতটি যুদ্ধের প্রতিটির জন্যই আলাদা করে তাকে নোবেল দেওয়া উচিত।
রবিবার (২১ সেপ্টেম্বর) এনডিটিভিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া ভাষণে তিনি এসব মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “এখন আমরা বিশ্বমঞ্চে এমন সব কাজ করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরাইল-ইরান, মিসর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর সংঘাত আমরা থামিয়েছি।”
তিনি দাবি করেন, এসব যুদ্ধের ৬০ শতাংশ বাণিজ্যের মাধ্যমে থেমে গেছে। উদাহরণ টেনে ট্রাম্প বলেন, “ভারতকে বলেছিলাম—যদি যুদ্ধ চালাও তবে কোনো বাণিজ্য হবে না। এরপরই তারা থেমে যায়। আর মনে রেখো, তাদেরও পারমাণবিক অস্ত্র আছে।”
ট্রাম্প আরও জানান, অনেকেই তাকে বলেছেন—রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারলে নোবেল পুরস্কার পাওয়া সম্ভব। এ বিষয়ে তার মন্তব্য, “তাহলে বাকি সাতটা কী? আমি তো ইতিমধ্যেই সাতটা থামিয়েছি। প্রতিটির জন্য আলাদা নোবেল পাওয়া উচিত।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সমাধান করা সবচেয়ে সহজ হবে, কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে তিনি হতাশ হয়েছেন। তবু কোনো না কোনোভাবে এ যুদ্ধ একদিন শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।