
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশালের বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে সিআইডি’র বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলায় তার বাবা মো. নাসির উদ্দীন সাথীকেও গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
জানা গেছে, গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ওই মামলায় প্রধান আসামি করা হয় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তালিকার ১১ নম্বরে তৌহিদ আফ্রিদি ও ২২ নম্বরে তার বাবা নাসির উদ্দীন সাথীর নাম রয়েছে। মোট ২৫ জনকে আসামি করা হয় মামলায়, পাশাপাশি অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আলোচিত জুলাই হত্যা মামলার আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।