কাজিকি’র হানায় ভিয়েতনামে ৫ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

image 74

ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘কাজিকি’। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাতের আশঙ্কায় দেশটির মধ্যাঞ্চলের প্রদেশগুলো থেকে ইতিমধ্যে পাঁচ লাখ ৮৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়টি বর্তমানে ঘণ্টায় প্রায় ১৬৬ কিলোমিটার (১০৩ মাইল) বেগে এগোচ্ছে। সোমবার ভোরে উপকূলে আঘাত হানার আগে এটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। থান হোয়া, কুয়াং ত্রি, হুয়ে এবং দা নাং প্রদেশের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের কারণে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং জেলেদের দ্রুত উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

এদিকে, ঝড়টি ইতিমধ্যে চীনের হাইনান প্রদেশের পাশ দিয়ে অতিক্রম করছে। সেখানে দেশটির আবহাওয়া অধিদপ্তর সর্বোচ্চ ৩২০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, ভিয়েতনামের মূল ভূখণ্ডে প্রবেশের পর টাইফুনটি কিছুটা দুর্বল হলেও এর প্রভাবে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ২ থেকে ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন করা হয়েছে। ঝড়ের গতিপথে থাকা এলাকার বাসিন্দাদের রবিবার গ্রিনিচ মান সময় দুপুর ২টার পর ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইতোমধ্যেই ভিয়েতনাম এয়ারলাইন্স রবিবার ও সোমবারের জন্য মধ্যাঞ্চলীয় শহরগুলোর অন্তত ২২টি ফ্লাইট বাতিল করেছে।

তথ্যসূত্র: বিবিসি