অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

rahul

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। রোববার বিকালে হঠাৎই প্রিয়াঙ্কাকে চিরতরে একা করে চলে যান তিনি। আকস্মিক এই মৃত্যুর খবরে বিস্মিত ও হতবাক সহকর্মী এবং ভক্তরা; এখনও অনেকেই বিষয়টি মেনে নিতে পারছেন না। সবচেয়ে কঠিন সময় পার করছেন তার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা থেকেই কলকাতায় তাদের বাসার সামনে গণমাধ্যমকর্মীদের ভিড়, ক্যামেরার ঝলকানি এবং অবিরাম ফোনকলের মধ্যে নীরবে শোক সামলাতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন তিনি।

প্রিয়াঙ্কা লেখেন, এটি তাদের পরিবারের জন্য গভীর শোক ও হতাশার সময়। এই কঠিন মুহূর্তে তিনি কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর চেয়েছেন। পরিবারের সবাই মিলে এই অপূরণীয় ক্ষতি সামলানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, পরিবারে একটি শিশু, একজন মা এবং আরও প্রিয়জন রয়েছেন—যাদের নিয়ে এই শোকের সময় পার করতে হচ্ছে। গণমাধ্যম ও সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, তাদের ব্যক্তিগত পরিসর যেন সম্মান করা হয় এবং শান্তভাবে শোক পালনের সুযোগ দেওয়া হয়। তার বার্তায় সন্তানের মানসিক অবস্থার বিষয়েও উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে।

রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টলিউডের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করতে শুরু করেছেন। অনেকেই তার সঙ্গে কাটানো স্মৃতিচারণ করছেন এবং প্রিয়াঙ্কা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার এক সময় টলিউডের জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় তাদের জুটি দর্শকদের মাঝে বিশেষ সাড়া ফেলেছিল, যা এখনও ভক্তদের মনে দাগ কেটে আছে।