
রাজধানী ঢাকায় আজ সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি নির্ধারিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে দিনজুড়ে গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা নিচে তুলে ধরা হলো—
অর্থ উপদেষ্টার কর্মসূচি:
রোববার সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগে নবনির্মিত ভবন-১ এ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। একই স্থানে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাও হবে। এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি:
সকাল ১১টায় বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সারা দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
বিএনপির কর্মসূচি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিকেল ৩টায় উত্তরা আব্দুল্লাহপুর সংলগ্ন পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জসীমউদ্দিন রোড হয়ে হাউজবিল্ডিং পর্যন্ত এই কর্মসূচি চলবে।
নির্বাচন কমিশনারের কর্মসূচি:
দুপুর ১২টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ হবে। বৈঠকে বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, আরএফইডি সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে নীতিমালার প্রস্তাবিত সংশোধনীর কপি হস্তান্তর করবে।
শিবিরের কর্মসূচি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “সৃজনশীল ও আকর্ষণীয় নববর্ষ প্রকাশনা সামগ্রী ২০২৬”–এর মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রদর্শনী চলবে ৯ ও ১০ নভেম্বর, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।