আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস

image 166

আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিল চলাকালে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।

শহীদ আসাদের আত্মত্যাগই ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পথ সুগম করে। তাঁর রক্তমাখা শার্ট স্বাধীনতাকামী মানুষের সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। সর্বস্তরের মানুষ স্বাধিকারের দাবিতে রাজপথে নেমে আসে এবং আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুত্থানে। এর ধারাবাহিকতায় ১৯৬৯ সালের মার্চের শেষদিকে পতন ঘটে আইয়ুব খানের সামরিক শাসনের।

দিবসটি উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, শহীদ আসাদ বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল হতে এবং সত্যের পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

শহীদ আসাদ দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলও বিবৃতি দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার দিবসটি পালিত হবে। সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে শহীদ আসাদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া শহীদ আসাদের জন্মস্থান নরসিংদীর শিবপুরসহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে।