ছাব্বিশের নির্বাচন দেখতে হলে, আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জামায়াত আমির

image 170

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দেবে না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন নয়। ছাব্বিশের নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে আটদলীয় জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ যেন এ বিষয়ে জটিলতা বা বিভ্রান্তি না ছড়ায়।”

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের প্রথম দাবি—জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না।”

তিনি আরও বলেন, “দেশের মুক্তিকামী মানুষের দাবি একটাই—জাতীয় নির্বাচনের আগে গণভোট হতেই হবে। গণভোটের বিষয়ে সব দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বিলম্ব কেন?”

ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “সব দল একমত হয়ে স্বাক্ষর করেছে—আগে গণভোট হওয়াই যৌক্তিক। এর মাধ্যমেই আইনি ভিত্তির কাঠামো তৈরি হবে ইনশাআল্লাহ, এবং সেই ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন কোনো সংশয় বা সন্দেহ থাকবে না।”

বিএনপির উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, “জুলাই সনদের মতো বিষয়ে যদি জনগণের প্রতি শ্রদ্ধা না দেখান, তাহলে জাতীয় নির্বাচনে জনগণকে সম্মান দেখাবেন কীভাবে?”

প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে আটটি দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি।

তাদের পাঁচ দফা দাবি হলো—
১️⃣ জুলাই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন।
২️⃣ জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ বা উভয় কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩️⃣ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।
৪️⃣ ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️⃣ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

এর আগে গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় জোটটি। তবে সরকার থেকে কোনো সাড়া না পাওয়ায় আজকের এই সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।