
ভারত নতুন একটি নৌঘাঁটি তৈরি করছে যাতে বাংলাদেশ ও চীনের সামরিক কর্মকাণ্ডের ওপর নজর রাখা যায়। ঘাঁটিটি পশ্চিমবঙ্গের হলদিয়ায় স্থাপন করা হবে।
ভারতের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বঙ্গপোসাগরের উত্তরাঞ্চলে চীনা নৌবাহিনীর তৎপরতা সম্প্রতি বেড়েছে। একই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনী আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাছাকাছি এসেছে। বিশেষভাবে, বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে পাকিস্তান সফর করেছেন। এসব বিষয় বিবেচনায় রেখেই নতুন নৌঘাঁটির পরিকল্পনা নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
হলদিয়ার নতুন ঘাঁটি কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত হবে। এখানে হুগলি নদী ব্যবহার করে অল্প সময়ের মধ্যে বঙ্গপোসাগরে পৌঁছানো সম্ভব হবে ভারতীয় নৌসেনাদের। ঘাঁটিতে হলদিয়ার ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে, যা অপারেশনকে আরও সুবিধাজনক করবে এবং অতিরিক্ত অবকাঠামো নির্মাণের প্রয়োজন কমাবে।
নৌঘাঁটিতে মোতায়েন করা হবে দ্রুতগামী সামরিক নৌযান ও যুদ্ধজাহাজ, যেমন ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটস (FIC) এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটস (NWJFAC)। এই নৌযানগুলোর গতি ঘণ্টায় ৭৪–৮৩ কিমি। এছাড়া এগুলোকে সজ্জিত করা হবে CRN-91 স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের প্রযুক্তিতে তৈরি সুইসাইডাল ড্রোন নাগাস্ত্র সিস্টেমসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে।
নতুন ঘাঁটিতে প্রায় ১০০ জন সেনা কর্মকর্তা ও সৈনিক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
ভারতীয় নৌবাহিনী সূত্রের মতে, এই ঘাঁটি মূলত বঙ্গপোসাগর ও ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বৃদ্ধি, বাংলাদেশ-চীনের সামরিক সহযোগিতা, এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘন যোগাযোগের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তৈরি করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে