দেশের ৫ বিভাগে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে

image 57

দেশের পাঁচটি বিভাগে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, বুধবার (৭ জানুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

কুয়াশার তথ্যের ভিত্তিতে পলাশ উল্লেখ করেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের ৬১টি জেলায় কুয়াশার উপস্থিতি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোকে বাদ দিয়ে অন্যান্য ছয়টি বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকতে পারে।

ওই অনুযায়ী, বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা মিলবে না। অন্য পাঁচটি বিভাগের জেলাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের আলো দেখা যেতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, চলতি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কিছু জায়গায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, “সোমবার (৫ জানুয়ারি) রাত থেকে তাপমাত্রা ক্রমাগত কমতে পারে। চলতি মাসে ১-২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”