
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৫ ও ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞাপনের আলোকে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি একযোগে ১,৪০৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ১৪,৩৮৫টি পদে প্রার্থী হওয়ার জন্য ১০,৮০,৯৫টি আবেদন জমা পড়ে এবং মোট ৮,৩০,০৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারা দেশে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং মনিটরিং কর্মকর্তা, জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সহায়তায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কোনো জেলায় অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। পরীক্ষা পরিচালনার কঠোর ব্যবস্থার কারণে দুই শতাধিক পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহার করার অপরাধে বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মামলা রুজু করা হয়েছে।
এছাড়া ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টদের আটক ও মামলা দায়েরের ব্যবস্থা করা হয়েছে। ১১ জানুয়ারি এক শর্তপ্রার্থী গ্রুপ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দিয়ে প্রশ্ন ফাঁসসহ অন্যান্য অনিয়মের অভিযোগ করেন। অভিযোগগুলো গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয় এবং তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি।
এই পরিস্থিতির প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল অবিলম্বে প্রকাশ করা হয়েছে।