
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন।
মঙ্গলবার (৩১ মার্চ) অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট আরওয়া হানিন এলরায়েস স্বাক্ষরিত এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সারজিসকে আসন্ন অক্সফোর্ড ইউনিয়নের মর্যাদাপূর্ণ বিতর্কে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ জুনের মধ্যে কোনো এক বৃহস্পতিবার অংশগ্রহণ করবেন। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, “আধুনিক তরুণ আন্দোলনকারীরা কি সত্যিই রাজনৈতিক বাস্তবতাকে পুনর্গঠন করছে, নাকি কেবল নিজেকে তুলে ধরার চেষ্টা করছে?”
চিঠিতে সারজিসের উদ্দেশ্যে বলা হয়েছে, বাংলাদেশের জেন-জি বিপ্লব এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনে আপনি একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আপনি ২০২৪ সালের সরকারি চাকরির কোটাবিরোধী আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন, যা পরে সারা দেশে ছড়িয়ে পড়া গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের পতনে পৌঁছায়। এই সময় আপনার নেতৃত্ব এবং অন্যান্য ছাত্রনেতাদের সঙ্গে সমন্বয় জাতীয় পর্যায়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি আপনার আটক হওয়া আন্দোলনের বিস্তার এবং নেতাদের নেওয়া ঝুঁকি স্পষ্টভাবে প্রদর্শন করে।