২১ দিন ধরে সন্তানের খোঁজ না থাকায় দিশেহারা পরিবার।

image 70

অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন মাদারীপুরের সামির শেখ। প্রায় ২১ দিন ধরে তার কোনো খোঁজ না মেলায় পরিবারে চলছে মাতম। নিখোঁজ সামির রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পশ্চিম তেলিকান্দি গ্রামের মৃত আমির শেখের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সরাসরি ইতালি পৌঁছানোর জন্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য ইলিয়াসের সঙ্গে ১৯ লাখ টাকায় চুক্তি হয়েছিল। এর মধ্যে ১৬ লাখ টাকা নগদ দেওয়ার পর গত ৬ অক্টোবর বাড়ি ছাড়েন সামির। পরে লিবিয়া হয়ে ১৫ নভেম্বর তিনি ইতালির উদ্দেশে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করেন। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না।

সামিরের মা সুফিয়া বেগম বলেন, “আমার ছেলের কোনো খবর পাচ্ছি না। দালালও যোগাযোগ করছে না। আমি দিশেহারা হয়ে গেছি। শুধু ছেলের সন্ধান চাই।”

রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।