
বর্তমান সরকার অতীত থেকে শিক্ষা নেয়নি, যা সবার জন্য অশনি সংকেত—এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা ও স্বাধীন বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশসমূহের বিষয়ে নাগরিক ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
ড. মজুমদার বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগ ও বিচার বিভাগের সচিবালয় সংক্রান্ত দুটি অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্ত তার কাছে বোধগম্য নয়। ২০১৮ সালে উচ্চ আদালতে গিয়ে তিনি দেখেছেন, বহু বিএনপি নেতাকর্মী আইনি সুরক্ষার আশায় অপেক্ষা করলেও কোনো প্রতিকার পাননি। সরকার কি আবারও ‘শপথপ্রাপ্ত বিচারপতি’ ফিরিয়ে আনতে চায়—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, এ পথে এগোলে তা সবার অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তিনি আরও বলেন, ক্ষমতায় না থাকলেও সুরক্ষা দেবে—এমন আইন প্রণয়ন করা উচিত। কিন্তু সরকার উল্টো পথে হাঁটছে। গণভোটে অনীহা ও স্বচ্ছতা নিশ্চিতকারী গুরুত্বপূর্ণ আইন বাতিল করা নাগরিকদের পাশাপাশি ক্ষমতাসীনদের জন্যও মঙ্গলজনক হবে না।
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ১৯৭৩, ২০০১ ও ২০০৮ সালের অভিজ্ঞতা দেখায়—অতি-সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় স্বৈরাচারের জন্ম দেয় এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ব্যাহত করে। তাই সংসদ সদস্যদের এসব সিদ্ধান্তের পরিণতি গভীরভাবে বিবেচনার আহ্বান জানান তিনি।
গোলটেবিল আলোচনায় এইচআরএসএস চেয়ারম্যান শাহজাদা আল আমিন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ব্যারিস্টার শিশির মনির, আবু সাঈদ খান, মাসুদ কামাল, ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, সামান্তা শারমিন ও এএসএম নাসিরুদ্দিন এলান প্রমুখ।