
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর কোনো একক রাজনৈতিক দল বা সংগঠনের বিষয় নয়—সব গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মির্জা ফখরুল বলেন, “আমি জানি না, এই মুহূর্তে কোন বাংলাদেশে বাস করছি। আমার বয়স ৭৭ বছর। সারাজীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, সে রকম কোনো বাংলাদেশের স্বপ্ন আমি কখনো দেখিনি।”
তিনি আরও বলেন, “এখানে কথা বলার মতো বিষয় খুব পরিষ্কার। আজ আঘাত শুধু ডেইলি স্টার বা প্রথম আলোর ওপর নয়, আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার—সবকিছুর ওপর আবারও আঘাত করা হয়েছে। জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই, আজ সেই অর্জনেও আঘাত এসেছে।”
বিএনপি মহাসচিব বলেন, “তাই আমি সবাইকে আহ্বান জানাই—কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পরিচয়ে নয়, সব গণতন্ত্রকামী মানুষকে এক হতে হবে। শুধু সচেতন হলেই চলবে না, এখন রুখে দাঁড়াতে হবে। শুধু প্রতিবাদ সভা বা মানববন্ধনে সীমাবদ্ধ না থেকে, যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”