
প্রায় সাড়ে তিন মাসের বিরতির পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপের বাছাইপর্বের পর থেকে আন্তর্জাতিক কোনো ম্যাচে না খেললেও, এবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে নতুন উদ্যমে নামছে লাল-সবুজের মেয়েরা।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় প্রধান প্রশিক্ষক পিটার বাটলারের নেতৃত্বে ২৩ জন খেলোয়াড় নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবে দলটি। প্রাথমিকভাবে ৪৩ জনকে ডেকে অনুশীলন করানো হলেও, সেখান থেকে চূড়ান্ত স্কোয়াড গঠিত হয়েছে। এবার দলের সঙ্গে ভুটান লিগে খেলা চার ফুটবলার—ঋতুপর্ণা, মনিকা, মারিয়া ও তহুরা—যোগ দিয়েছেন।
গত মিয়ানমার সফরে ইতিহাস গড়া দলে দুইটি পরিবর্তন এসেছে। ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বাদ পড়েছেন। নতুন করে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার রুমা আক্তার ও ফরোয়ার্ড সিনহা জাহান শিখা।
বাংলাদেশ দলের স্কোয়াড:
গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল।
ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম।
মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী।
ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।
দীর্ঘ বিরতির পর এই প্রীতি ম্যাচগুলো হবে বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য নিজেদের ফর্ম, ফিটনেস ও প্রস্তুতি যাচাইয়ের বড় সুযোগ। একই সঙ্গে এশিয়ান কাপের মূল লড়াইয়ের আগে দলকে মানসিকভাবে দৃঢ় করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।