তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫°

image 75

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা আরও বাড়ছে। কয়েক দিন ধরে এ উপজেলার তাপমাত্রা টানা কমে ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার এই ধারাবাহিক পতনই মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) সকালেও তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

এর আগের দিন শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার সময়ও তেঁতুলিয়ায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা। সকাল ৮টার পর সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৯ শতাংশ আর্দ্রতা, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, ‘শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস; কয়েক ঘণ্টার ব্যবধানে তা কমে ১০ দশমিক ৫ ডিগ্রিতে নেমে আসে। গত দুদিন ধরে সকাল ৯টার সময় এ তাপমাত্রাই রেকর্ড করা হচ্ছে।’