নির্বাচনী দায়িত্ব পালনে বদ্ধপরিকর নৌবাহিনী: অ্যাডমিরাল নাজমুল হাসান

image 76

আসন্ন নির্বাচনে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত—এমনটাই জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি জানান, নির্বাচনী দায়িত্বে অংশ নিতে ইতোমধ্যে ৫ হাজার নৌসদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ শেষে আয়োজিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌপ্রধান জানান, বঙ্গোপসাগরে সমুদ্রসম্পদ আহরণ ও ব্লু ইকোনমি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নৌবাহিনী। একইসঙ্গে দেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে দুই নারীসহ মোট ৩১ জন মিডশিপম্যান তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে সাব-লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। পরে নৌপ্রধান কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন।