
উত্তরের আকাশে কুয়াশার স্তর ঘন হতে শুরু করতেই পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের দাপট। ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় চারপাশ জমে ওঠে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যদিও ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল। হালকা কুয়াশার পর সকালে রোদ উঠলেও প্রচণ্ড আর্দ্রতা ও হিমেল বাতাসে শীত আরও বেশি অনুভূত হচ্ছে।
এর আগের দিন শনিবার একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরে ভোররাত থেকেই শীতল বাতাস বইছে। স্থানীয়দের মতে, তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শীতের অনুভূতি তীব্র হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও রোববার তা উল্লেখযোগ্যভাবে কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলেও তিনি জানান।