
ঢাকা–মাওয়া হাইওয়েতে নাশিদ শিল্পী গাজী আনাস রাওশান ওপর হামলার অভিযোগ
বিখ্যাত নাশিদ শিল্পী গাজী আনাস রাওশান দাবি করেছেন যে, তিনি ও তাঁর পরিবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-মাওয়া হাইওয়ের হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।
রাওশান তাঁর পোস্টে উল্লেখ করেন, প্রায় ১০-১২টি মোটরসাইকেলে আসা ব্যক্তি তাঁর গাড়িকে ডানে-বামে ও সামনে ঘিরে ফেলে। হামলাকারীরা হেলমেট দিয়ে গাড়িতে আঘাত করে এবং তাঁকে বারবার গাড়ি থেকে নামতে বলে। তিনি আরো অভিযোগ করেন, গালিগালাজের পাশাপাশি গাড়ির জানালা সামান্য খোলা থাকায় এক হামলাকারী হাত বাড়িয়ে তাঁর গলা চেপে ধরে।
তিনি লিখেছেন, হামলার সময় সড়কে যানজট থাকলেও কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে একটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সরে যায়। পুলিশ চলে যেতে ইঙ্গিত দিলে তিনি গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন, তবে কিছু মোটরসাইকেল অনেক দূর পর্যন্ত তাঁর গাড়িকে অনুসরণ করে বলে দাবি করেছেন তিনি।
রাওশান জানান, ঘটনাটির পর তিনি ও তাঁর পরিবার মানসিকভাবে ট্রমাটাইজড হয়ে পড়েন। তিনি আরও উল্লেখ করেন যে, এর মধ্যেই তার মা আইসিইউতে ভর্তি, ফলে মানসিক চাপ বেড়ে যায়। পোস্টে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে লিখেছেন—“আল্লাহ তাআলা হয়তো বড় কোনো বিপদ থেকে রক্ষা করেছেন।”
এ ঘটনায় কারা জড়িত, হামলার কারণ কী—সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্যও এখনো পাওয়া যায়নি।