
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানে চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে অন্তঃসত্ত্বা চা শ্রমিক রিয়া বেগমের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, দেওরাছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী রিয়া বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। তবে বাগান কর্তৃপক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হয়নি। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ চিকিৎসার পর বুধবার মধ্যরাতে তিনি মারা যান। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।
কর্মবিরতি ও বিক্ষোভে উপস্থিত ছিলেন দেওরাছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষ্মী নারায়ণ মাল, ইব্রাহিম মিয়া, সুবাষ ভৌমিজ, বাবু লাল ভৌমিজ, অজয় ভৌমিক, সেলিম মিয়া, জসিম মিয়া, বায়না মিয়া, শুকুর মিয়াসহ অন্য শ্রমিকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী এবং রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার। আন্দোলনরত শ্রমিকরা জানান, অর্থের অভাবে এবং বাগান কর্তৃপক্ষের সহায়তা না পাওয়ায় রিয়া বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদেই তারা কর্মবিরতি পালন করছেন।
রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে শ্রমিকরা কাজে ফিরবেন, নাকি আন্দোলন চালিয়ে যাবেন।