এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা

image 236

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন দলের একজন যুগ্ম সদস্য সচিব।

পদত্যাগের পর তিনি এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের জন্য শুভকামনা রইল।”

ফেসবুকে তিনি আরও লিখেছেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনার ঘরের মেয়ে। খিলগাঁওতেই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ এবং দেশের সেবা করা। তবে বাস্তবিক কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।

একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে এবং সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকে। কিন্তু যেহেতু আমি কোনো দলের সঙ্গে নেই, তাই এসব সুবিধা আমার থাকবে না।

আমার একমাত্র ভরসা আপনারাই। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ভিত্তিতে যদি আপনি আমাকে স্নেহ ও সমর্থন দেন, তবে তবেই আমি আপনাদের সেবা করতে পারব।

দুটি গুরুত্বপূর্ণ বিষয়:

১. নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। এক দিনে এত মানুষের স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব। আপনার স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটি সম্ভব হবে না। যারা এই কাজে বসার জায়গা দেবেন বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হোন। নির্দিষ্ট স্থান ও লোকেশন জানানো হবে: https://www.facebook.com/share/g/1DCkLvMvRX/

২. সম্প্রতি নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় অনেকেই ডোনেশন করেছেন। আমার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। বিকাশের মাধ্যমে পাঠানো অর্থ ফেরত পেতে এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA

আপনার ট্রানজ্যাকশন আইডি ও তথ্য যাচাইয়ের পরে অর্থ ফেরত দেওয়া হবে। ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শিগগিরই জানানো হবে।