
ইসলামি শিক্ষাব্যবস্থা দরসে নেযামী আলেমদের নিয়ে মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মাওলানা তারেক মনোয়ার ঘরোয়া আলোচনায় যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি ইতোমধ্যে এর জন্য ক্ষমা চেয়েছেন। এরপরও এ বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।”
তিনি আরও বলেন, জামায়াত বরাবরই আলেম সমাজকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখে এবং তাদের মুসলিম উম্মাহর পথপ্রদর্শক হিসেবে সম্মান জানায়। আলেমদের মর্যাদা ক্ষুণ্ন করার কোনো অবস্থান দলটির নেই। তাই এ ইস্যুতে জামায়াতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।