ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে নওগাঁয় জামায়াত নেতা বহিষ্কার

image 226

মাদরাসার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

জেলা আমির জানান, সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসার ছাত্রীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মোনায়েম হোসাইনের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন সদস্যের কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিলে মোনায়েমের বিরুদ্ধে নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়। এর ভিত্তিতে জেলা জামায়াত তাকে দল থেকে বহিষ্কারের কঠোর সিদ্ধান্ত নেয়।

জেলা আমির আরও উল্লেখ করেন, “মোনায়েম প্রাতিষ্ঠানিক রাজনীতির শিকার ছিলেন। তদন্তে মাদরাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ও উঠে এসেছে।”

তিনি দ্ব্যর্থহীনভাবে জানান, এই সিদ্ধান্তের পর থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক আর নেই।