ঘুমের মধ্যেই নির্মম মৃত্যু: ছাত্রকে জবাই করে হত্যা

image 542

ঘুমের মধ্যে মাদরাসা ছাত্রকে জবাই করে হত্যা, আটক সহপাঠী

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটবল খেলা ও টুপি পরা নিয়ে তর্কের জের ধরে ঘুমন্ত অবস্থায় এক মাদরাসা ছাত্রকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। আটক অভিযুক্ত ছাত্র আবু ছায়েদ (১৬) ময়মনসিংহের টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ছাত্রই ওই মাদরাসার আবাসিক বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি ফুটবল খেলা ও টুপি পরা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়, যা পরে মিটমাট হলেও ক্ষোভ পুষে রাখে ছায়েদ। শনিবার রাতে ঘুমন্ত নাজিমের ওপর হামলা চালিয়ে ছায়েদ ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

নাজিমের চিৎকার শুনে একই কক্ষে থাকা অন্যান্য ছাত্র ও শিক্ষক জেগে উঠে ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ খবর পেয়ে ভোররাতে মাদরাসায় গিয়ে অভিযুক্ত ছাত্রকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “টুপি পরা নিয়ে পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”