
জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পারিবারিক জীবন ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে একটি আবেগঘন বিবৃতি দিয়েছেন।
তিনি তাঁর স্ত্রী সাবিকুন্নাহারের সাম্প্রতিক দুইটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে বলেন, “সে ভুল করেছে ও ভুল বুঝেছে, তবে আমি তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছি।”
আবু ত্বহা লেখেন, “ওয়াল্লাহি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এমনকি যদি তুমি ইমাম হাসান (রাঃ)-এর হত্যাকারীর মতোও হতে, তবুও আমি তোমাকে ক্ষমা করতাম। কারণ আমি তোমাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি।”
তিনি উল্লেখ করেন, বিগত চার বছরের দাম্পত্য জীবনে নানা ভুল বোঝাবুঝি ও চ্যালেঞ্জের মধ্যেও তিনি সবসময় স্ত্রীকে ভালোবেসেছেন এবং সম্পর্কের মধ্যে ইসলাহ ও ইখলাস বজায় রাখার চেষ্টা করেছেন।
স্ত্রীকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, “আল্লাহর ওয়াস্তে, কেউ যেন তাকে কোনো কটূ কথা না বলেন। একটা লাইনও না… এসব শুনতে আমি অভ্যস্ত, কিন্তু সে নয়।”
নিজের প্রতিষ্ঠান, পারিবারিক সম্পর্ক ও অতীত জীবনের প্রসঙ্গেও তিনি খোলামেলা মন্তব্য করেন। বলেন, একসময় তিনি জাগতিক জীবনে নিমগ্ন ছিলেন, তবে প্রায় ১৫ বছর আগে দ্বীনের পথে ফিরে এসে ইসলামের দাওয়াতে নিজেকে নিবেদন করেছেন।
পোস্টের শেষাংশে আবু ত্বহা দোয়া করেন, “যারা আমার সঙ্গে অন্যায় করেছে, আমি সবার জন্য ক্ষমা ও ইসলাহের দোয়া করি। আল্লাহ, এই ওয়াসিলায় আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন।”