দুপুরের মধ্যে ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

image 74

সাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় ছয় অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লার ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলে থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার ও বাংলাদেশের উপকূল বরাবর অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যার কারণে সমুদ্রবন্দরসমূহ ও তৎসংলগ্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।