
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন, এবারের নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করবো। যদি নির্বাচন না হয়, তা নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”
নির্বাচনী জোট সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নিইনি এবং এই নির্বাচনে জোট করব না।” নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই।”
সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে তিনি বলেন, প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং তাদের বুকভরা উষ্ণতা ও ভালোবাসায় তিনি আপ্লুত। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা জাতি বিনির্মাণে অবদান রাখতে চান এবং কিছু সম্মান প্রত্যাশা করেন। তবে নিজের দেশের মানুষ এখনও তাদের যথাযথ সম্মান প্রদর্শনে সক্ষম হয়নি।
এটি শফিকুর রহমানের তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে আগমন। সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াতের পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।