
রিকশাচালকদের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন একদিনের বিশেষ কর্মশালা আয়োজন করেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই কর্মশালা ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে (প্লট-৬২–৬৪, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা)।
কর্মশালায় রিকশাচালকদের ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্ব, সামাজিক আচরণ, রাস্তার নিরাপত্তা, ট্র্যাফিক আইন ও স্বাস্থ্যগত উন্নয়নের বিষয়ে বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হবে একটি টি-শার্ট ও একটি শীতের হুডি। এছাড়া, জীবনমান উন্নয়নে অগ্রণী হিসেবে নির্বাচিত একজন রিকশাচালককে ওমরা করানোর সুযোগ দেওয়া হবে।
প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, তিনি আচার-আচরণ ও পারিবারিক দায়িত্ব বিষয়ে প্রশিক্ষণ দেবেন। ইসলামে শ্রমের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে প্রশিক্ষণ দেবেন মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন রিকশাচালকদের স্বাস্থ্য ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী সাবির আহ্মেদ স্বল্প আয়ে সংসার পরিচালনা ও সঞ্চয়ের উপায় নিয়ে প্রশিক্ষণ দেবেন।
রাস্তায় নিরাপত্তা ও ট্র্যাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞরা।
৭০০ আসনবিশিষ্ট এই অডিটোরিয়ামে ফাউন্ডেশন বছরব্যাপী বিভিন্ন পেশাভিত্তিক দাওয়াতি ও জীবনমান উন্নয়নমূলক প্রোগ্রাম আয়োজন করবে। এতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকার, আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।