তার দাবি,খালেদা জিয়ার খাবার ও ওষুধে বিষাক্ত উপাদান মেশানো হয়েছিল।

image 384

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়, বরং তা ইচ্ছাকৃতভাবে সৃষ্ট। তার দাবি, বিএনপি চেয়ারপারসনের খাবার ও ওষুধে বিষাক্ত উপাদান মেশানো হয়েছিল।

রিজভী এই মন্তব্য করেছেন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ৯০-এর গণ-অভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়।

তিনি আরও বলেন, “যে দল অতীতে ক্ষমতার অংশীদার ছিল, সেই জাতীয় পার্টি এখন মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলছে—এটা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এরশাদবিরোধী আন্দোলন হোক বা পরবর্তীকালের স্বৈরশাসন, তাদের ভূমিকা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।”

রিজভী অভিযোগ করেন, “এরশাদ ও শেখ হাসিনার শাসনই গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করেছে। ব্যাংক লুট থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার—আমরা একই ধারার পুনরাবৃত্তি দেখেছি।”

পূর্বাচলের প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় দেওয়া রায়ের প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনাকে ২১ বছরের সাজা দেওয়া হয়েছে। বর্তমানে আদালতে কোনো রাজনৈতিক প্রভাব নেই। কেউ ক্ষমতায় নেই—তাহলে হস্তক্ষেপ করবে কারা? হাসিনার সময় যে বিচার কাঠামো তৈরি হয়েছিল, সেই কাঠামোয় আজ তার বিচার চলছে।”

রিজভী আরও দাবি করেন, “রাষ্ট্রীয় নিখোঁজ ও হত্যার মতো ঘটনা বন্ধ হয়েছে, আদালত স্বাধীনভাবে কাজ করছে। আগের সরকারের সময়ে সবকিছু নিয়ন্ত্রিত ছিল।”

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, “ব্যাংক থেকে টাকা তুলে না ফেরানো, ঋণ খেলাপির পর আবার ঋণ পাওয়া—এই বিপর্যস্ত ব্যবস্থাই ছিল তথাকথিত ‘হাসিনোমিকস’। কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, দারিদ্র্যসীমা বাড়ছে।”

তিনি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, “চলমান সংকট মোকাবিলায় কঠোর ও জরুরি পদক্ষেপ গ্রহণই এখন সময়ের দাবি।”