মা–বাবার গায়ে হাত তোলায় ছেলেকে কোমর পর্যন্ত পুঁতে শাস্তি, এলাকাবাসীর বিচার

image 138

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চাইলে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে আটক করে শাস্তিমূলকভাবে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২)। তিনি টেপিরবাড়ী গ্রামের নুরু উদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত খলিল নেশার টাকার জন্য নিয়মিতভাবে তার মা খোদেজা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

ভুক্তভোগী খোদেজা বেগম (৬৫) বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। নেশার টাকা না দিলে প্রায়ই মারধর করে। শনিবার সকালে টাকা দিতে না পারায় ফের নির্যাতনের শিকার হন তিনি। নিরুপায় হয়ে প্রতিবেশীদের কাছে বিচার চাইতে বাধ্য হন। তিনি বলেন, একজন মা হিসেবে তিনি ছেলের কঠোর শাস্তি চান না, বরং চান সে মাদক ছেড়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে মাকে মারধরের পর ক্ষুব্ধ এলাকাবাসী খলিলকে আটক করে মারধর করে এবং শাস্তিস্বরূপ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে। পরে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদকাসক্তদের ক্ষেত্রে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, পাশাপাশি চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা জরুরি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও তারা দাবি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযুক্ত যুবক ও এলাকাবাসীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।