ওসমান হাদির শারীরিক সর্বশেষঅবস্থা জানালেন চিকিৎসক

image 139

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত নতুন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বোর্ডটি গঠন করা হয়। বোর্ডের নেতৃত্বে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবাল। এছাড়া বোর্ডে আছেন সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম এ আজিজ, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আলীউজ্জামান এবং থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. জুলফিকার হায়দার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, “ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আপাতত নতুন অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসা চলবে।”

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি চিকিৎসার পর রাত ৯টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।