
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, এই রায়ের নেপথ্যে ‘পাকিস্তানের প্রভাব’ রয়েছে। সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
শুভেন্দুর ভাষ্যমতে, “এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এই রায় কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।” তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালি সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান—যিনি কখনোই চরমপন্থার সঙ্গে জড়িত ছিলেন না।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশকে ঘিরে যেকোনো পরিস্থিতিতে ভারত সবসময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ এবং স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয় বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভারত শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়টি লক্ষ করেছে। বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে এবং এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে।