
নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে নির্বাচনে লড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন। সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সংগঠক সারজিস আলম। মনোনয়ন গ্রহণের পর নারায়ণগঞ্জের নেতাকর্মীরা স্লোগানে কার্যালয় প্রাঙ্গণ মুখর করে তোলেন।
মনোনয়ন নেওয়ার পর আবদুল্লাহ আল আমিন জানান, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন চালিয়ে আসছেন। বুলেটের মুখে দাঁড়িয়ে শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখার দাবি করে তিনি বলেন, ইতিহাসের সেই ধারাবাহিকতা এগিয়ে নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করতে তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন।
তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ–৪ আসনে আওয়ামী লীগের ‘গডফাদার’ হিসেবে পরিচিত শামীম ওসমান বহুদিন ধরে বিনা ভোটে ক্ষমতা ধরে রেখেছিলেন এবং তার কারণে ফতুল্লার মানুষের জীবনযাপন প্রায় অসহনীয় হয়ে উঠেছিল।
আবদুল্লাহ আল আমিন প্রতিশ্রুতি দেন, নির্বাচনের মাধ্যমে তিনি মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চান।
অন্যদিকে এই আসনে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। শরিক দলের জন্য আসনটি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মনির হোসেন কাসেমীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে।