শোকজ জারি নুরুল হক নুরকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে

image 277

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

নোটিশটি গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দশমিনা–গলাচিপা নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয় থেকে জারি করা হয়। নোটিশে স্বাক্ষর করেছেন কমিটির সদস্য (সিভিল জজ, বরিশাল) সাব্বির মো. খালিদ।

অভিযোগ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক নুরুল হকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নুরুল হকের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছেন। এছাড়া ২৬ জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজারে নুরুল হকের অনুসারীরা হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে কয়েকজন কর্মী-সমর্থক আহত করেন। এই ঘটনা নির্বাচনী আচরণবিধির ৬(ক) ধারার পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নুরুল হক নুরকে আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ১১:৩০ মিনিটে সংশ্লিষ্ট কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের সঙ্গে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দশমিনা থানার ওসিকেও নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে নুরুল হক নুরের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটগত সমঝোতার কারণে নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে, যেখানে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন ‘ঘোড়া’ প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে।