শেখ হাসিনার আমলে কোনো দুর্নীতি বা হত্যাকাণ্ড ঘটেনি: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

image 108

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চলমান গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় টানা দুই দিন ধরে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি জবানবন্দিতে আওয়ামী লীগ শাসনামলের দুঃশাসন, গুম-খুন এবং জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিস্তারিত তুলে ধরেন।

তবে জেরা চলাকালে এসব বক্তব্যকে অসঙ্গত আখ্যা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে কোনো দুর্নীতি বা হত্যাকাণ্ড ঘটেনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের মতো মাহমুদুর রহমানকে জেরা করেন আমির হোসেন। মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তিনি ৪৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।

জেরার একপর্যায়ে আমির হোসেন বলেন, শেখ হাসিনার শাসনামলকে ১৫ বছরের ‘চরম দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের শাসন’ হিসেবে বর্ণনা করার কোনো ভিত্তি নেই। তার দাবি, বাংলাদেশে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি।