
কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ সদস্য ফয়সাল এবং ছাত্রলীগের চার কর্মী।
মঙ্গলবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল বের করে। এ সময় ফেসবুক লাইভে ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পরবর্তী রাতে মোহাম্মদপুর থেকে সোহেল মাহমুদ, গৌরীপুর থেকে আক্তার হোসেন এবং ফয়সালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে স্বৈরাচার সরকারের আমলে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে সাতজনকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।