
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নতুন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগের ঘোষণা দেয়।
বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুটি সদস্যের ট্রাইব্যুনাল এই নতুন নিয়োগ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে ২৩ নভেম্বর একই মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে কয়েক দিন পর, ২৭ নভেম্বর সন্ধ্যায় জেড আই খান পান্না তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন যে তিনি শেখ হাসিনার পক্ষে মামলাটি লড়বেন না। তিনি আদালতের প্রতি আস্থাহীনতা প্রকাশ করে এই সিদ্ধান্ত নেন।
বুধবার আদালতে অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তাকে দ্রুত হাজিরের নির্দেশ দেন। মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ক্ষমা প্রার্থনার পরই ট্রাইব্যুনাল তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর পদ থেকে অব্যাহতি দিয়ে আমির হোসেনকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেন।
উল্লেখ্য, আমির হোসেন আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। ওই মামলার রায়ে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।