১১ বছর পর ফের শুরু মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজ

image 37

বেইজিং যাওয়ার পথে ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ হওয়ার এক দশকেরও বেশি সময় পর মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০–এর অনুসন্ধান আবার শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। বুধবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় এই তথ্য জানায়।—খবর রয়টার্স।

২০১৪ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি ২২৭ জন যাত্রী ও ১২ ক্রুসহ উধাও হয়ে যায়। এরপর বিভিন্ন সময় একাধিক অনুসন্ধান অভিযান চালানো হলেও সবই ব্যর্থ হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে দক্ষিণ ভারত মহাসাগরে সবশেষ অনুসন্ধানও কয়েক সপ্তাহের মধ্যেই গত এপ্রিল মাসে বন্ধ হয়ে যায়।

পরিবহন মন্ত্রণালয় জানায়, অনুসন্ধান সংস্থা ওশান ইনফিনিটি নিশ্চিত করেছে যে তারা ৫৫ দিনের একটি নতুন সমুদ্রতল অনুসন্ধান মিশন শুরু করতে যাচ্ছে। সম্ভাব্য যেসব এলাকায় ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা বেশি, সেসব জায়গায় অভিযান চালানো হবে। তবে সুনির্দিষ্ট অনুসন্ধান এলাকার অবস্থান জানানো হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার তদন্তকারীরা শুরু থেকেই এই সম্ভাবনা উড়িয়ে দেননি যে উড়োজাহাজটিকে ইচ্ছাকৃতভাবে পথচ্যুত করা হয়ে থাকতে পারে। ধারণা করা হয়, এর কিছু ধ্বংসাবশেষ আফ্রিকার উপকূল ও ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপে ভেসে গেছে।

মালয়েশিয়া সরকার জানায়, দক্ষিণ ভারত মহাসাগরের ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে পরিচালিত এই অনুসন্ধানে যদি উল্লেখযোগ্য কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়, তাহলে ওশান ইনফিনিটিকে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে।

তবে ২০১৮ সাল পর্যন্ত তল্লাশি চালিয়েও সংস্থাটি উড়োজাহাজটির উল্লেখযোগ্য কোনো অংশ খুঁজে পায়নি।