
২০২৪ সালে সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে এখানেই ইতি টানতে চান না তিনি। এখনো জাতীয় দলে খেলার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে তিনি জানান, গত বছর রাজনীতিতে যোগ দিলেও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি।
পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা, লক্ষ্য ও অতীত স্মৃতির পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলেন সাকিব। সেখানেই তিনি জানান, মাঠের ক্যারিয়ার প্রায় শেষের দিকে হলেও রাজনৈতিক পথচলা চালিয়ে যেতে চান।
সাকিব বলেন, “আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি। এখন হয়তো রাজনীতির অধ্যায় বাকি আছে। বাংলাদেশের মানুষ এবং আমার এলাকার মাগুরাবাসীর জন্য কিছু করার ইচ্ছাটা সবসময়ই ছিল, এখনো আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।”
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফেরেননি। ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে নাম লেখানো অনেকের কাছে আলোচনা–সমালোচনার জন্ম দেয়।
তিনি একাধিকবার দেশে ফিরতে চাইলেও তা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন। তবে তার ভাষ্য, তিনি অবশ্যই দেশে ফিরবেন এবং বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি করে যেতে চান।