পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিকানায় শাকিব খান

image 82

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। প্রথমবারের মতো দল নিয়ে মাঠে নামলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ঢাকা। তবে শাকিবের মাঠে উপস্থিতি ও দল পরিচালনা ব্যাপক সাড়া ফেলেছিল, যা ক্রিকেট ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।

দলটির প্রথম মৌসুম শেষে শাকিব ঘোষণা দিয়েছিলেন, আগামী আসরে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত থাকবে। অবশেষে সেই প্রতিশ্রুতি রাখছেন ‘কিং খান’।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১২তম আসর। এরই মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে দলগুলোর মালিকানা ঘোষণা করেছে। জল্পনা ছিল, এবারও শাকিব মালিকানায় থাকবেন কিনা। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে জানা গেছে, এবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান এবং তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস।

চ্যানেল আই অনলাইনকে একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র জানিয়েছে, আগামী পাঁচ বছর ঢাকা ক্যাপিটালসের মালিকানা বহাল থাকবে শাকিব খানের হাতে।

গত আসরে সাত দল অংশ নিলেও এবার খেলবে পাঁচটি দল—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল।

এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানায় থাকছে—ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ) ও সিলেট (ক্রিকেট উইথ সামি)। খেলোয়াড় ড্রাফট হবে আগামী ১৭ নভেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।