সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

image 40

রোববার (৪ জানুয়ারি) রাত ফেসবুকে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শফিউল ইসলাম। তিনি এই সিদ্ধান্তকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। ফেসবুকে শফিউল লেখেন, “আসসালামু আলাইকুম। আজ আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।”

শফিউল মনে করেন, বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো তার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সতীর্থ, কোচ এবং ভক্ত-সমর্থকদের। তিনি লিখেছেন, “বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমার সব সতীর্থ, কোচ এবং অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যে ভালোবাসা ও দোয়া দিয়েছেন, তা ছাড়া আজকের শফিউল হওয়া সম্ভব ছিল না।”

বাংলাদেশের জার্সিতে শফিউল ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২০টি টি-২০ ম্যাচ খেলেছেন। ডানহাতি পেস বোলিংয়ে তিনি ১০৭ উইকেট শিকার করেছেন। দেশের জার্সিতে শেষবার খেলেছেন ২০২০ সালের মার্চে, আর শেষ পেশাদার ম্যাচ খেলেছেন গত মার্চে।

বাংলাদেশের হয়ে শফিউলের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে জয়। ইংলিশদের বিপক্ষে টাইগাররা এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে জিতেছে, যার মধ্যে তিনটি ম্যাচে শফিউল ছিলেন। ২০১১ সালের সেই জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। নবম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেছিলেন, যেখানে রিয়াদের অবদান ছিল ১৯ রান, আর শফিউল ২৪ বলে ২৪ রান করেন।