
হাতিয়ায় অগ্নিকাণ্ডে বিএনপি সমর্থকের ৭ দোকান পুড়ে গেছে, অভিযোগ এনসিপির বিরুদ্ধে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মুলা মার্কেট এলাকায় শনিবার রাতের আধারে বিএনপি সমর্থক কালাম সর্দারের মালিকানাধীন ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানান, রাত প্রায় ৩টার দিকে আগুন লেগে সবাই ছুটে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালাম সর্দার জানিয়েছেন, তিনি ধানের শীষের সমর্থক। কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হুমকি দিয়ে আসছিল। গভীর রাতে তাকে ফোন করে দোকানে আগুন লাগার খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দেখেন, সব পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে ভোরে নোয়াখালী-৬ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অভিযোগ করেছেন, ধানের শীষের পক্ষে নির্বাচনী সমর্থনের কারণে প্রতিপক্ষের লোকজন এই আগুন লাগিয়েছে। প্রশাসনের কাছে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।