ড. ইউনূস রিজার্ভ বাড়িয়ে ২৯ বিলিয়ন ডলার, হাসিনার সময়ে মাত্র ১৫ বিলিয়ন

অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস ছয় মাসের খাদ্য ও ২৯ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে যাচ্ছেন, আগের সরকারের সময় ছিল মাত্র ১৫ বিলিয়ন

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ৬ মাসের খাদ্য সরবরাহ এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রেখে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক ইউনূস ক্ষমতা নেওয়ার সময় দেশের রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার এবং ব্যাংকগুলো কার্যত অচল অবস্থায় ছিল। বর্তমানে রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ছয় মাসের খাদ্য ব্যয় সামলাতে সক্ষম।”

প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থা স্থিতিশীল রেখে গেছে এবং গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। এই সময়ে বিভিন্ন সংস্কার এবং আইনগত কাঠামো তৈরি করা হয়েছে।

এর আগে জানা গেছে, ১০ আগস্ট ২০২৪-এ কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেছিলেন, রিজার্ভ বর্তমানে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে এবং ব্যবহারযোগ্য রিজার্ভ ১৫ বিলিয়নের নিচে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্রাটেজিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক মাহফুজ কবিরও মন্তব্য করেছেন, “বর্তমানে ব্যাংকে ব্যবহারযোগ্য রিজার্ভ মাত্র ১২ বিলিয়নের মতো, যা বিশাল অর্থনীতি সামলাতে যথেষ্ট নয়।”

সরকার পতনের পর ৭ আগস্ট ২০২৪ থেকে আন্দোলনের কারণে চার ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা পদত্যাগ করেন। পরবর্তীতে ৯ আগস্ট বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও পদত্যাগ করেন।